২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোহার পাত পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়া লোহার পাতের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানার সিমেন্স হোস্টেলের এঘটনায় নিহত হন মো. রাশেদ (২২)।

তিনি দক্ষিণ মধ্যম হালিশহরের সিমেন্স হোস্টেল এলাকার গণি কন্ট্রাক্টার বাড়ির আমির হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় রাশেদকে হাসপাতালে আনা হলে সোয়া ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার এসআই শরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নিজ বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নিকটবর্তী জয়নাল আবেদিনের নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে লোহার পাত ছিটকে রাশেদের মাথায় পড়ে।

“হাসপাতালে নেয়ার পর রাশেদ মারা যান।”

এসআই শরিফুজ্জামান বলেন, ঘটনার পরই নির্মাণ শ্রমিকরা সবাই পালিয়ে যান। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

“ভবনের মালিক জয়নাল ও নিহত রাশেদ সম্পর্কে চাচা-ভাতিজা। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে।”