গাজীপুরে গৃহবধূ খুন
গাজীপুর শহরে পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূ খুন হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শহরের মালেকের বাড়ি বালিয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোসলিমা বেগম (৩০) কাপাসিয়ার ভেঙ্গুরদী গ্রামের মো. আক্তারুজ্জামানের স্ত্রী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোসলিমার ভাগ্নে রুমানকে (২২) আটক করেছে পুলিশ।
এলাকাবাসীকে বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, মোসলিমা পরিবারসহ বালিয়াড়ার হাজী আব্দুল সালামের বাড়ি এলাকায় বসবাস করতেন। সকালে আক্তারুজ্জামান কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলে বেলা ১১টার দিকে রুমান এসে মোসলিমাকে এলাপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মোছলিমার মৃতদেহ উদ্ধার করে।
কুপিয়ে পালিয়ে যাবার সময় এলাকাবাসী রুমানকে আটক করে পুলিশে খবর দেয় জানিয়ে এসআই জসিম বলেন, কী নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
