২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুই ভাইকে ডেকে নিয়ে খুন

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ভাইকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:14 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবারের রুপকারী ইউনিয়নে নিহত এই দুজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) কর্মী ছিলেন জানিয়ে হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে সংগঠনটি।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেএসএস-এর কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক সজীব চাকমা।

নিহতরা হলেন-রুপকারী ইউনিয়নের ফাগুজ্যাছড়ির কামিনী মোহন পাড়া এলাকার কামিনী মোহন চাকমার ছেলে ত্রিদেব চাকমা (৩৫) ও সুশান্ত চাকমা (৪০)।      

জেএসএস (এমএন লারমা) এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়।

দুর্গম এলাকায় দুজনকে হত্যার খবর পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি আজিজুর রহমান।

তিনি বলেন, “দুজন নিহত হয়েছে বলে আমরাও শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।”

ত্রিদেব ও সুশান্ত এক সময় সক্রিয় কর্মী থাকলেও কিছুদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন বলে জানান প্রশান্ত।  তিনি বলেন, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ছোটভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএস থেকে কয়েক বছর আগে একটি অংশ বেরিয়ে জেএসএস (এমএন লারমা) সংগঠনটি গঠন করে।

পাহাড়ে এর আগে জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে সংঘাতে রক্ত ঝরার মধ্যে নতুন দলটি গঠন হলে বিরোধে নতুন মাত্রা পায়।   

প্রশান্তের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের নেতা সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি পুরোপুরি মিথ্যা। ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই।”