২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা বদল

নিহতদের পরিবারের দাবির মুখে নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:38 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

৭ খুন: চাকরি গেল সেই ৩ র‌্যাব কর্মকর্তার
নূর হোসেনের বাড়িতে অভিযানে গাড়ি জব্দ, আটক ১২
নারায়ণগঞ্জে ৭ খুনে ‘পেশাদাররা’
নারায়ণগঞ্জের এসপি র‌্যাব কমান্ডার প্রত্যাহার
শুধু ‘চাকরিচ্যুত’ করলে হবে না: নজরুলের স্ত্রী

এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে আসা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।

বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ জানানোয় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল আউয়ালের জায়গায় নবাগত ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, তার শ্বশুর শহীদুল ইসলামসহ পরিবারের সদস্যদের নিজের কার্যালয়ে ডেকে কথা বলেন পুলিশ সুপার। সেখান থেকে বেরিয়ে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে এ হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন নূর হোসেনের সখ্য থাকার অভিযোগ তোলেন বিউটি।

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক তালুকদার প্রথমে মামলা তদন্তের দায়িত্বে ছিলেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়ালকে এ দায়িত্ব দেয়া হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

তাদের অপহরণের পরই আরেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন নজরুলের স্ত্রী।

তবে লাশ পাওয়ারও তিন দিন পর নূর হোসেনের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তার বাড়ি থেকে একটি মাইক্রোবাস জব্দ ও কয়েকজনকে আটক করা হলেও তাকে পায়নি পুলিশ।

এদিকে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জে র‌্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে।

এর আগে তাদের সঙ্গে নারায়ণগঞ্জের সে সময়ের পুলিশ সুপার,দুই থানার ওসি এবং জেলা প্রশাসককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।