হালদায় মাছ ধরার সময় ১০ নৌকা আটক
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১০টি ইঞ্জিনচালিত নৌকার সরঞ্জাম আটক করা হয়েছে।
বুধবার ও গত মঙ্গলবার দুই দিনব্যাপী এই অভিযানে চারটি ঘের জালও ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযান চলাকালে জেলেরা নদী থেকে যেসব মাছ ধরেছে, তাও আবার নদীতে ছেড়ে দেয়া হয়।
হালদা মা-মাছ ডিম ছাড়ার মৌসুমে তা নির্বিঘ্ন করতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না। অভিযানে অংশ নেন মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা কাজী আবুল কালাম ও উপজেলার হ্যাচারি সহকারী ছোটন দাশ।
ছোটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিম ছাড়ার মৌসুমে হালদায় ইঞ্জিন নৌকার চলাচল, মাছ ধরা ও বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
“অভিযানের সময় ১০টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। চারটি ঘের জাল ধ্বংস করা হয়। নৌকায় যেসব বালি তোলা হয় তা আবার নদীতে ফেলে দেয়া হয়েছে।”
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র এ নদীতে বর্ষা মৌসুমে বজ্রসহ বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢল নামলে ডিম ছাড়ে মা-মাছ।
এবারো বর্ষণের অপেক্ষায় আছেন নদী পাড়ের জেলেরা। মা-মাছ ডিম ছাড়লে নৌকা আর জাল নিয়ে তা সংগ্রহ করেন হাটহাজারী ও রাউজান উপজেলার জেলেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম /২১২০ ঘ.
