নানা অনুষ্ঠানে আহসান উল্লাহ মাস্টারকে স্মরণ (ভিডিওসহ)
গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী ৭ মে।
দিবসটি পালনোপলক্ষে বুধবার আহসান উল্লাহ মাস্টারের পরিবার ছাড়াও জেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদসহ বিভিন্ন দল ও সংগঠন তার গ্রামের বাড়ি হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে গাজীপুর সদরের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, পবিত্র কোরআনখানি, গাজীপুরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ এবং স্মরণিকা প্রকাশ।
আহসানউল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান জানান, ২০০৪ সালের এই দিনে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবকলীগের এক কর্মীসভায় একদল সন্ত্রাসী আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় পরদিন তিনি (মতিউর রহমান) বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়। ওই রায়ে প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির আদেশ এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
এদের মধ্যে প্রধান আসামিসহ ১৭ জন বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। বাকি ১১জন আসামি পলাতক।
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় দ্রুত কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মতিউর রহমান।
প্রিয় ছেলে হারানোর শোক নিয়ে এরই মধ্যে মারা গেছেন আহসান উল্লাহ মাস্টারের বাবা আব্দুল কাদের পাঠান। শোক বুকে নিয়ে বেচেঁ আছেন মা রুসমেতুন্নেছা।
রুসমেতুন্নেছা জানান, গ্রামের বাড়ি হায়দরাবাদে প্রিয় সন্তানের কবর আগলে রাখার জন্য শহরের চাকচিক্য ভুলে তিনি গ্রামে থাকেন। এখনো মনে হয় সন্তান তাকে ডাকছে। মরণের আগে তিনিও তার ছেলের হত্যাকারীদের সাজা কার্যকর দেখে যেতে চান।
আহসান উল্লাহ মাস্টারের জন্ম ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে।
তিনি গাজীপুর-২ আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুই দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া তিনি আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ছাড়াও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
