২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিএনপি নেতা ‘নিখোঁজ’, থানায় জিডি

রংপুর সদর উপজেলায়ে এক বিএনপি নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার অভিযোগ করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:02 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী রেজওয়ানুল হককে সোমবার দুপুর থেকে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার স্ত্রী সদর উপজেলা নির্বাচনের ১৯ দলীয় জোট সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রীনা বেগম।

এ ব্যাপারে সোমবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

জিডিতে অভিযোগ করা হয়, সোমবার বেলা ১১টায় রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় একটি ছাপাখানায় পোস্টার নিতে আসেন রেজওয়ানুল। সাড়ে ১১টায় স্বামীর সঙ্গে তার মোবাইলে শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ, তাকে পাওয়া যাচ্ছে না।   

রীনা বেগম সাংবাদিকদের বলেন, “সোমবার রাত ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে জিডি করি। বুধবার বেলা ১২টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।”

বিষয়টি তদন্ত করছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী।

তিনি বলেন, বিএনপি নেতা রেজওয়ানুলের মোবাইল নম্বরটির কল লিস্ট যাচাইয়ের জন্য বুধবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে তার অবস্থান জানা যাবে। তখন সন্ধান কাজ সহজ হবে।