সিলেটে ব্যবসায়ী ‘নিখোঁজ’
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ফার্নিচার ব্যবসায়ী মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
ফয়জুল ইসলাম খান(৫৫) নামের ওই ব্যবসায়ী বিশ্বনাথের রামপাশা শিকদরপুর গ্রামের প্রয়াত মুহিব খানের ছেলে। বিশ্বনাথ বাজারে তার ফয়জুল ফার্নিচার মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছে বলে দাবি করেন নিখোঁজ ব্যবসায়ীর ছেলে জয়নুল খান।
জয়নুল খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আর বাড়ি ফেরেননি ব্যবসায়ী ফয়জুল খান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
জয়নুল আরো জানান, বুধবার সকালে তার মোবাইলে ফোন করে জানানো হয় তার বাবাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তিন লাখ টাকা দিলে তাকে মুক্তি দেয়া হবে।
তবে, কোথায় টাকা নিয়ে যেতে হবে জানতে চাইলে ওপাশ থেকে ফোন কেটে দেয়া হয় বলে জানান জয়নুল।
জয়নুল খান দাবি করেন, তার বাবাকে দুর্বৃত্তরা অপহরণ করে থাকতে পারে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন জয়নুল খান।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, ফয়জুল ইসলামকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন জয়নুল খান। ডায়েরিতে মুক্তিপণ চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
ঘটনাটি অপরহণ কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি রফিকুল।
