নেত্রকোণায় খুনের মামলায় দুই জনের ফাঁসি
১৩ বছর আগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নেত্রকোণার একটি আদালত।
বুধবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ একই হত্যা মামলায় আরো চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর উপজেলার মৌ গ্রামের আব্দুল খালেক ও আব্দুল গণি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই উপজেলার মৌ গ্রামের আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান ও আব্দুর রব।
এই চার জনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যা মামলার বাকি ১৬ আসামির মধ্যে ১৪ জনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। আর দুই জন খালাস পেয়েছেন।
২০০১ সালের ১৯ ডিসেম্বর দুর্গাপুর উপজেলার মৌ গ্রামের আব্দুল কুদ্দুছকে পিটিয়ে হত্যা করা হয়। পরে নিহতের পরিবার দুই নারীসহ ২২ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা করেন।
সাইফুল বলেন, “সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। দুই নারী আসামিকে বেকসুর খালাস দেন আদালত।”
