২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো খাতে সহায়তার আশ্বাস আরব আমিরাতের

বাংলাদেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে সর্বাত্মক সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়ীদ বিন হাজার আল-শেহি এ কথা বলেছেন।  

পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ বিষয়ে সাংবাদিকদের জানান।

শাকিল জানান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নিজ দেশের ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সুবিধাজনক সময়ে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

মাহবুবুল হক শাকিল জানান, সাক্ষাৎকালে সায়ীদ বিন হাজার আল-শেহি বলেছেন বাংলাদেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত খাতে সংযুক্ত আরব আমিরাত সর্বাত্মক সাহায্য করবে।

এ সময় বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার।