২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবহান গুলি করে হত্যা করতো যুবকদের’

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মুক্তিযোদ্ধাদের নির্মূলে তার গঠিত বাহিনীরই এক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী মো. আবু আসাদ।

৬০ বছর বয়সী এই সাক্ষী জানান, সুবহানের লোকজনের হাতে ধরা পড়ার পর প্রাণভয়ে ‘বাঙ্গালি মুজাহিদ বাহিনী’তে যোগ দেন তিনি।

সাক্ষ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রায় প্রতিদিনই হার্ডিঞ্জ ব্রিজের নিচে পাঁচ-সাতজন যুবককে ধরে এনে গুলি করে হত্যা করা হতো। ওই সময় সুবহানকেও পাকিস্তানি সেনাদের কাছ থেকে অস্ত্র নিয়ে গুলি করতে দেখেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও ধর্ষণেও অংশ নিয়েছেন সুবহান।

আবু আসাদ বলেন, পাবনা জেলা জামায়াতের নেতা মাওলানা আবদুস সুবহান ১৯৭১ সালের ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে পাকিস্তানি আর্মিদের নিয়ে তাদের গ্রাম জয়নগরে ঢুকে বাড়িঘরে অগ্নিসংযোগ করে এবং গুলি করে মানুষ হত্যা করতে থাকে।

এসময় পালাতে গিয়ে সুবহানের হাতে ধরা পড়েন বলে জানান সাক্ষী। তাকেসহ ওই গ্রামের আরো পাঁচ-ছয়জনকে একটি ট্রাকে উঠিয়ে পাকসি হার্ডিঞ্জ ব্রিজের পাশে বসানো আর্মি ক্যাম্পে নেয়া হয়।

আসাদ বলেন, “আর্মি ক্যাম্পে আমাদের তিনটি লাইনে দাঁড় করিয়ে সুবহান বলেন, ‘আমি মাওলানা আব্দুস সুবহান, আমার বাড়ি পাবনা, আমি একজন মুসলমান, তোমরাও মুসলমান। জান-প্রাণ দিয়ে পাকিস্তানকে রক্ষা করতে হবে। তোমরা আজ থেকে ‘মুজাহিদ’, আমার এই আদেশ তোমরা যারা পালন করবে তারা সব রকম সুযোগ সুবিধা পাবে, আর যারা মানবে না তাদের গুলি করে পদ্মায় ফেলে দেয়া হবে।

“আমরা দেখতাম, প্রতিদিন হার্ডিঞ্জ ব্রিজের নিচে ৫-৭ জন যুবককে হাত, চোখ বেঁধে নিয়ে আসা হতো। পরে সুবহান একটি সাদা প্রাইভেট কারে আসত এবং মেজর জয়তুনের সঙ্গে পরামর্শ করে গভীর রাতে এলাকার মানুষ ঘুমিয়ে পড়লে ওই যুবকদেরকে গুলি করে পদ্মা নদীতে ফেলে দিত।

“আমি নিজ চোখে দেখেছি, কখনো সুবহান নিজে আবার কখনো পাকিস্তানি সেনারা পিস্তল দিয়ে যুবকদের গুলি করে হত্যা করত।”

সাক্ষী জানান, পালানোর চেষ্টা করায় হাশেম, কাশেম, রুস্তম ও মুজিবরকে গুলি করে নদীতে ফেলে দেয় সুবহান।

সুবহানের নেতৃত্বে শাহপুর গ্রামের প্রায় ২০-২৫ জন মানুষকে গুলি করে হত্যা করা হয়। তাদের মধ্যে চান্দ্র আলী, রজব আলী ও সামছুলের নাম উল্লেখ করেন সাক্ষী।

কিছুদিন পর মাওলানা সুবহান একটি তালিকা অনুযায়ী হিন্দু অধ্যুষিত আড়মবাড়িয়া গ্রামে পাকবাহিনীকে নিয়ে অগ্নিসংযোগ ও হত্যাকান্ড চালায় বলে উল্লেখ করেন সাক্ষী।

এসময় অঝোরে কাঁদতে শুরু করেন মো. আবু আসাদ। কান্না কিছুটা প্রশমিত হলে তিনি বলেন, “এসব অপারেশনে বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে পরে তাদের হত্যা করতে দেখেছি।”

তিনি বলেন, ১৯৭১ সালের ২৮ অথবা ২৯ নভেম্বর তিনিসহ আরো কয়েকজন বাঙ্গালি মুজাহিদ এবং কয়েকজন বয়ষ্ক পাকিস্তানি সৈন্যকে ব্রিজের ওপর পাহারা দিতে দেওয়া হয়। তীব্র শীতের কারণে পাকিস্তানি সেনারা এবং বাঙ্গালি মুজাহিদদের কয়েকজন শেডের নীচে ঘুমিয়ে পড়ে।

সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত হয়ে সেখান থেকে দুটি অস্ত্র নিয়ে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে কাদিমপাড়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে কমান্ডার খায়রুজ্জামান বাবুর কাছে সে অস্ত্র পৌঁছে দেন আবু আসাদ। ওই ক্যাম্পে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। এর কয়েকদিন পর দেশ স্বাধীন হয়।

সাক্ষ্যের শেষ পর‌্যায়ে আসামির কাঠগড়ায় থাকা অভিযুক্ত মাওলানা সু্বহানকে সনাক্ত করেন সাক্ষী মো. আবু আসাদ।

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা শুরু করেন সুবহানের আইনজীবী এসএম শাহজাহান। পরে জেরা অসমাপ্ত অবস্থায় বুধবার পর্যন্ত তা মুলতবি করা হয়।