২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত ব্যবসায়ী ও চাকরিজীবী উদ্ধার

গাজীপুর থেকে অপহৃত এক ঝুট ব্যবসায়ী ও এক চাকরিজীবী উদ্ধার হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার জানান, সোমবার রাতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঝুট ব্যবসায়ী নাদিম হোসেন খানকে (২৭) উদ্ধার করে পুলিশ।

অপরদিকে পুলিশের উদ্ধার তৎপরতা চলার পর অপহরণকারীরা গাজীপুরের লাইফওয়ে বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা এনামুল হককে (৪৫) সোমবার মধ্যরাতে চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের সামনে ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

ঝুট ব্যবসায়ী নাদিম ময়মনসিংহের পাগলা থানার বারইহাটি গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে। শনিবার রাত সাড়ে ৯টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

মার্কেটিং কর্মকর্তা এনামুল কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পুংকরা গ্রামের মো. শের আলীর ছেলে। তিনিও চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সোমবার দুপুরে অপহৃত হন।

মুক্তিপণ আদায় ও পূর্বশত্রুতার কারণে তাদের অপহরণ করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে পুলিশ।

অপহৃতদের পরিবার ও পুলিশ জানায়, কোনাবাড়ি এলাকার ঝুট ব্যবসায়ী নাদিম সম্প্রতি ময়মনসিংহে গ্রামের বাড়ি যান। সেখান থেকে ফিরে গত শনিবার রাত সাড়ে ৯ টায় চান্দনা চৌরাস্তা এলাকায় বাস থেকে নামেন।

এ সময়ে কয়েকজন অপহরণকারী তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ওই দিন রাতেই অপহরণকারীরা তার স্বজনদের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে বিষয়টি জয়দেবপুর থানায় জানালে পুলিশ সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে কোনাবাড়ি জেলখানা রোডের পাশের একটি দুইতলা বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় অপহৃতের ছোট ভাই রাকিব হোসেন বাদী হয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৩/৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

অপরদিকে লাইফওয়ে বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং অফিসার এনামুল হক ও একই প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার আলতাফ হোসেন সোমবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকার একটি হোটেলে বসে গল্প করছিলেন।

এ সময় এনামুলের মোবাইল ফোনে একটি কল আসলে তিনি কথা বলতে বলতে বাইরে বেরোলে দুজন অপরিচিত লোক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা তার স্ত্রীর মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে এনামুলকে মেরে ফেলার হুমবি দেয় তারা।

ওই দিন বিকালে তার স্ত্রী একটি বিকাশ নম্বরে ৬০ হাজার টাকা মুক্তিপণ দেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা চালায়।

সোমবার মধ্যরাতে অপহরণকারীরা তাকে চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের সামনে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় আলতাফ হোসেন জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।