২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রংপুর-বরিশালে ধান উৎপাদন বেড়েছে’

রংপুর ও বরিশাল অঞ্চলে গত দুই বছরে ধান উৎপাদন শতকরা ১২ থেকে ১৫ ভাগ পর্যন্ত বেড়েছে বলে এক গবেষণায় জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 09:20 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। সমন্বিত কৃষি উৎপাদনশীলতা প্রকল্পের (আইএপিপি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা জানান, বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তা কার্যক্রমের অর্থায়নে ও বিশ্ব ব্যাংকের তদারকিতে সমন্বিত কৃষি উৎপাদনশীলতা প্রকল্প (আইএপিপি) ২০১২ সাল থেকে ব্রিতে বাস্তবায়িত হচ্ছে।

আকস্মিক বন্যা, খরা ও ঠান্ডাপীড়িত বৃহত্তর রংপুর অঞ্চলের চারটি জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী এবং জোয়ার-ভাটা ও লবণাক্ততা কবলিত বরিশাল অঞ্চলের চারটি জেলা ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালির ধান উৎপাদন বৃদ্ধি করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

উন্নয়ন প্রভাব মূল্যায়ন ও মনিটরিং সংস্থার (ডিআইএমই) হিসাব অনুযায়ী প্রকল্প শুরুর সময়ের সঙ্গে তুলনা করলে এখন পর্যন্ত প্রকল্প এলাকার ধানের উৎপাদন শতকরা ১২-১৫ ভাগ বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, উৎপাদন বাড়ানোর জন্য ব্রি উদ্ভাবিত ধানের উন্নত জাত ও উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি কৃষকের মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য আইএপিপি-ব্রি, বিএডিসি ও ডিএই একযোগে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে।

আইএপিপি প্রকল্পের সহযোগিতায় এ পর্যন্ত দুটি ধানের জাত ও চারটি ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এছাড়া ৮.৬ টন ব্রিডার বীজ, ২৫৬টি প্রযুক্তি প্রদর্শনী এবং ৭৬২টি অংশগ্রহণ মূলক ফলিত গবেষণা পরীক্ষণ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয়েছে।

কর্মশালায় ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ফিল্ড সার্ভিস উইং) মো. তফাজ্জল হোসন এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর বক্তব্য রাখেন।

আইএপিপির উপ-পরিচালক মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ব্রি ছাড়াও কৃষি মন্ত্রণালয়, বিএডিসি, এসসিএ, ডিএইসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।