২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিটিসিএলের এমডির বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়’

জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করায় বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

এক আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেয়।

ওই তিন কর্মকর্তা হলেন- বিটিসিএলের এমডি মাহফুজউদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক এএ মোহাম্মদ মোয়াসির এবং পরিচালক (ওভারসিজ) মো. জিয়াদুয়াল আনাম।

আদেশে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হয়।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে মো. নওফেল আরশাদ জমির লন্ডনভিত্তিক ‘জমির টেলিকম’র ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন। তিনিই আদালতে আবেদনটি করেন।

জমির টেলিকমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে বিনা নোটিশে বিটিসিএল প্রথমবারের মতো জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে হাই কোর্টের আদেশে সংযোগ পুনর্বহাল করা হয়।

পরে ২০১২ সালে হাই কোর্টের এক রায়ে রেট ও বিলিং বিষয়ে আরবিট্রেশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন না করতে নির্দেশ দেয়া হয়।

ওই আরবিট্রেশন চলার মধ্যেই গত ২০ মার্চ আবার ওই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিটিসিএল। এরপর জমির টেলিকম হাই কোর্টে আসলে এই আদেশ আসে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন।