চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৯
চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর চকবাজার, মেহেদীবাগ, খাতুনগঞ্জ, দামপাড়া এলাকায় রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর স্টাফ অফিসার মফিজুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোবারক হোসেন (৩৮), সেকেন্দার আলী ওরফে বাবলু (২২), শাহাদাৎ মাহমুদ চৌধুরী (২৮), মো. রোকন (২৪), আব্দুল্লাহ আল মামুন (২৭), মো.শফিউল আলম (২৬), মো. মোজাম্মেল হক (২১), মো. সুজন (২১) ও সাজ্জাদ হোসেন (২৪)।
সহকারী পুলিশ সুপার মফিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিল।
উদ্ধার সরঞ্জামের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান র্যাব কর্মকর্তা মফিজুল।
