চট্টগ্রামে ডিম ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম নগরীতে এক ডিম ব্যবসায়ীকে ছুরি মেরে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে নগরীর পাহাড়তলী চল্লিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪০) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য বাসা থেকে বের হন দেলোয়ার। এসময় কয়েকজন যুবক তার পথরোধ করে।
“ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।”
পাহাড়তলী থানার ওসি মতিউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে এবং আসামিদের ধরতে অভিযান চলানো হচ্ছে।
