২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কেন্দ্রে কিশোর-পুলিশ সংঘর্ষ

যশোরে ‘কিশোর উন্নয়ন কেন্দ্রে’ দায়িত্বরত পুলিশদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে ক্ষুব্ধ কিশোররা।    

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:56 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

পুলিশ জানায়, রোববার সকালে শহরের পুলেরহাট এলাকায় ওই কেন্দ্রে সংঘর্ষে দুই কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।      

এ সময় কিশোররা কেন্দ্রের দুইটি গাড়ি ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন ভবনের ২০টি কক্ষ ভাংচুর করে।      

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঘটনার পরপরই কিশোর উন্নয়ন কেন্দ্রের পুলিশ ব্যারাকের আট সদস্যের সবাইকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।

কেন্দ্রটির সহকারী পরিচালক শাহবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়ার একটি হত্যা মামলায় আটক জিসান নামে এক কিশোরের সঙ্গে সকালের দিকে এক তরুণী দেখা করতে আসে। নিয়ম অনুযায়ী অভিভাবক ছাড়া কারো সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই তরুণীকে জিসানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

এর জেরে কয়েকজন কিশোর ক্ষুব্ধ হয়ে কেন্দ্রের সহকারী সুপার আবুল বাশারের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়।

“এক পর্যায়ে কেন্দ্রের শতাধিক শিশু-কিশোর এক হয়ে ভেতরের তিনতলা ডরমিটরি ভবন থেকে ভাংচুর শুরু করে। তারা পুলিশ ব্যারাকসহ ২০টি কক্ষ ভাংচুর করে। পুলিশ ও কেন্দ্রের কর্মীদের উপর হামলা চালায়। এতে কনস্টেবল তুহিন ও আলমগীর এবং কিশোর নাজমুলসহ অন্তত ১০ জন আহত হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে তিন জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক শাহবুদ্দিন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমান। সেখানে তারা কিশোরদের সঙ্গে কথা বলেন। এসময় সাংবাদিকদের সামনেই ক্ষুব্ধ কিশোররা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান, সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন ও জেলা সমাজ সেবা কর্মকর্তা শাজাহান ভুইয়া।