'রোগীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন'
রোগীর সঙ্গে ‘বন্ধুর মতো’ আচরণ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর ১২তম সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “শুধু ওষুধ দিয়ে না, ডাক্তারদের একটু হাতের ছোয়া রোগীদের অনেক সুস্থ করে দেয়।”
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
সমাবর্তন অনুষ্ঠানে ৯২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সনদপত্র গ্রহণ করছেন। এরমধ্যে ১৬ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞকে ফেলোশিপ দেয়া হয়।
চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬ জন ফেলোর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী।
সনদপ্রাপ্ত চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি, সনদপ্রাপ্ত প্রত্যেক চিকিৎসক চিকিৎসাসেবার মাধ্যমে আর্ত, পীড়িত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবেন। দেশ ও জাতির সেবায় কাজ করবেন।”
বাংলাদেশ কলেজ অবফফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস) চিকিৎসাক্ষেত্রে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন।
বাবার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশের প্রতিটি সেক্টরে তার অবদান রেখে গেছেন। মানুষের সেবায় যা যা করণীয় তা করেছেন। তিনি স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
“তিনি চেয়েছিলেন, এ দেশের সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা পায়। এ কারণেই দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য তিনি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।”
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, কর্মশালা ও সেমিনারসহ বহু কর্মকাণ্ডের মাধ্যমে দেশে স্নাতকোত্তর বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ কলেজ থেকে এ পর্যন্ত চার হাজার ১৭৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফেলোশিপ অর্জন করেছেন।
বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে-আশা প্রকাশ করে তাদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। গত পাঁচ বছরে দেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন করেছে সরকার। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে।
প্রায় ১৫ হাজার ছয়শ’ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রতি বছর প্রায় ১২ কোটি গ্রামীণ মানুষের সেবা পাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কিন্তু বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দিয়েছিল, যা, অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
প্রধানমন্ত্রী বলেন, টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী গ্রামে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন। উপজেলা পর্যায় পর্যন্ত সব হাসপাতালে ওয়েব ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে।
“গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এর কার্যক্রম চলছে।”
ঢাকার কুর্মিটোলা ও খিলগাঁওয়ে জেনারেল হাসপাতাল, শ্যামলীতে টিবি হাসপাতাল, ফুলবাড়িয়ায় সরকারী কর্মচারী হাসপাতাল এবং আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ঢাকা মেডিকেল কলেজ-২, শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালসহ বিভিন্ন জেলায় ২৪টি হাসপাতাল নির্মাণ করার কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
তিনি জানান, বর্তমান সরকার গত মেয়াদে ছয়টি সরকারিসহ ২০টি নতুন মেডিকেল কলেজ, ১১টি ডেন্টাল কলেজ, ৪৭টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ৭২টি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, ১০টি নার্সিং কলেজ এবং ৩১টি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করেছে।
পাঁচ হাজারেরও বেশি এডহক চিকিৎসকের চাকুরি স্থায়ী করা হয়েছে। ছয় হাজার ৫৯২ চিকিৎসক, পাঁচ হাজার ৭৪৮ জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। আট হাজার চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। স্বাস্থ্য সেক্টরে ১২ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
নার্সদের পদমর্যাদা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে ১৭ হাজার কর্মচারিসহ প্রায় ৭৫ হাজার জনবল নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমান সরকারের সময়েই ৬৪টি জেলা হাসপাতালে করোনারী কেয়ার ইউনিট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রতিবেশী দেশগুলোর তুলনায় স্বাস্থ্য খাতে আমাদের বাজেট বরাদ্দ অপ্রতুল।”
কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক এ এস এম গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
