গুম-অপহরণের বিরুদ্ধে সংসদ ভবনের সামনে কর্মসূচিতে বাধা
অপহরণ-গুমের প্রতিবাদে সংসদ ভবনের সামনে একটি মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
সুলতানা কামালসহ ‘বিশিষ্ট নাগরিকরা’ শনিবার বিকালে এই কর্মসূচি পালন করতে গিয়েছিলেন।
পুলিশ বাধা দেয়ার পাশাপাশি ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন কর্মসূচির উদ্যোক্তারা।
তবে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, সংরক্ষিত এলাকা হিসেবে সংসদ ভবনের সামনে কর্মসূচি পালন না করার ‘অনুরোধ’ জানায় তারা।
পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী অপহরণসহ অন্য সব অপহরণের প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও রাশেদা কে চৌধুরী, আইনজীবী শাহদীন মালিক ও জেড আই খান পান্না,সিপিডির দেবপ্রিয় ভট্টচার্য, সুজনের বদিউল আলম মজুমদার উপস্থিত হন।
রাশেদা কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা জঘন্য অপরাধের প্রতিবাদ জানাতে আমরা কর্মসূচি পালন করতে গিয়েছিলাম।
“কারো বিরুদ্ধে আমাদের ব্যানার-ফেস্টুনে কিছু লেখা ছিল না। আমরা অপরাধের বিরুদ্ধে কথা বলতে সেখানে গিয়েছিলাম।”
মানববন্ধনের জন্য ঢাকার মহানগর পুলিশকে লিখিতভাবে জানানোও হয়েছিল জানিয়ে তিনি বলেন, “তারপরও পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। এটি কারো প্রত্যাশিত ছিল না।”
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “পুলিশ আমাদের ব্যানার কেড়ে নেয়। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
উদ্যোক্তারা বলেন, ‘উচ্চ পর্যায়ের’ নির্দেশের কথা বলে পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয়।
তিনি বলেন, সংসদ ভবন সংরক্ষিত এলাকা, সেখানে সভা-সমাবেশ করতে হলে স্পিকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদনের প্রয়োজন হয়।
“এটা সবারই জানা। তারপরও যখন সমাজের বিশিষ্ট লোকেরা আইন মানেন না, তখন বিষয়টি অপ্রত্যাশিত,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
