বিদ্যালয় বন্ধ রেখে প্রতিমন্ত্রীর সংবর্ধনা
খুলনার ডুমুরিয়া উপজেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সংবর্ধনা দিয়েছেন শিক্ষকরা।
শনিবার উপজেলা সদরে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে একটি রূপার নৌকা উপহার দেয়া হয়, যা তিনি পরে আয়োজকদের ফেরত দেন।
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ওই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান সফল করতে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছাড়াও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অশোক সমাদ্দার, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ও ডুমুরিয়া থানার ওসি মসিউর রহমান।
এ ব্যাপারে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে একদিন ছুটি দিয়ে তারা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে তিনি জানতে পেরেছেন।
তবে, বিষয়টি তিনি জানতে পারেন অনুষ্ঠানের পর।
তারপরও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে তাকে দেয়া উপহার রূপার নৌকা তিনি আয়োজকদের ফিরিয়ে দিয়েছেন বলে জানান।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সভাপতি সুমন্ত কুমার পোদ্দার বলেন, শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে স্কুলে ছুটি দিয়ে তারা অনুষ্ঠানে এসেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, শনিবার স্কুলের দিন হলেও প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মিকশিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ গাজী বলেন, বছরে প্রধান শিক্ষকের তিন দিন ছুটি দেওয়ার ক্ষমতা থাকে। তা থেকে স্কুলে ছুটি দিয়ে তারা অনুষ্ঠানে এসেছেন।
পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিছুর রহমান বলেন, “উপজেলা শিক্ষা অফিসের পরামর্শে স্কুলে ছুটি দিয়েছি।”
মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামও একই কথা বলেন।
এ ব্যাপারে অভিভাবক আজাহারুল ইসলাম বলেন, এতগুলো স্কুল বন্ধ রেখে সংবর্ধনা দেয়ায় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মন্ত্রী নিজেও একজন শিক্ষক ছিলেন। তাকে ডেকে এনে এ ধরনের অনুষ্ঠান করা ঠিক হয়নি।
