‘বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না জামায়াত’
জামায়াত-শিবির স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিস্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার নীলফামারীতে তিনি বলেন, জামায়াত-শিবির বাংলাদেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করে, অথচ স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে বিস্বাস করে না।
তারা (জামায়াত-শিবির) বাংলাদেশি পরিচয় বহন করে, অথচ আজ পর্যন্ত জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী বাংলাদেশের জাতীয় সংঙ্গীত পরিবেশন করেনি।
এমনকি লাখ লাখ বাঙালির রক্তের বিনিময়ে পাওয়া আমাদের জাতীয় পতাকা তাদের কোনো মিছিলে দেখা যায় না বলে দাবি করেন নূর।
দুপুরে জেলা প্রশাসককের কার্যালয়ে নীলফামারীর বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া চেক বিতরণ করেন এবং বক্তব্য দেন তিনি।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১৮৭ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৫৮ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গত বছরের ১২ ডিসেম্বরে জামায়াত নেতা কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার পর জামায়াত-শিবির নীলফামারীর টুপামারী, লক্ষ্মীচাপ, কচুকাটা, পঞ্চপুকুরসহ বিভিন্ন ইউনিয়নে সহিংসতা চালায়।
এছাড়া ১৪ ডিসেম্বর রামগঞ্জে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ পাঁচজন নিহত হন।
