ভারত-বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা চান আনিসুজ্জামান
বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে দুই দেশের নেতারা ‘রাষ্ট্রনায়কোচিত’ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন অধ্যাপক আনিসুজ্জামান।
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ পাওয়ায় শুক্রবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আশার কথা জানান বাংলার এই প্রবীণ শিক্ষক।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হলেও এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়ে যাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে পদ্ম ভূষণ অর্জনের জন্য ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে অভিনন্দন জানান।
বাংলা সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য তাকে ওই পুরস্কার দেয়া হয় বলে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
সরকারের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সচিব, শিক্ষক, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৩১ মার্চ নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আনিসুজ্জামানের হাতে পদ্ম ভূষণ পুরস্কার তুলে দেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি-অবনতি আছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও তা আছে।
২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়। এরপর দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকর এখনো সম্ভব হয়নি।
দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন আনিসুজ্জামান।
তিনি বলেন, দুই দেশের মানুষ কাছাকাছি আসলে এবং একে অন্যকে জানলে সন্দেহ ও সংশয় থাকলে তা কেটে যাবে।
সম্মাননার জন্য ভারত সরকার ও ঢাকায় ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানান আনিসুজ্জামান।
এবছর ১২৭ ব্যক্তিকে পদ্ম সম্মাননায় ভূষিত করে ভারত সরকার। অধ্যাপক আনিসুজ্জামানসহ সাতজন বিদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানকারী ভারতীয় ওই পুরস্কার পান।
