বেনাপোলে ‘বন্দুকযুদ্ধের’ পর আটক ৩
বেনাপোলে কথিত বন্দুকযুদ্ধের পর আগ্নেয়াস্ত্র, গুলি ও হাতবোমাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক অপূর্ব হাসান জানান, শুক্রবার সকালে শিকড়ির শিবপুকুর এলাকায় বন্দুকযুদ্দের ঘটনা ঘটে।
তিনি বলেন, “বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ছাত্তার ও রফিকুল সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি করে।”
এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় এবং ছাত্তার ও নুরুজ্জামানকে আটক করতে সক্ষম হয়, বলেন ওসি অপূর্ব।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটক রফিকুলকে পুলিশ পাহারায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে পোর্ট থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
