সুন্দরবন থেকে জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সুন্দরবনের নদী থেকে এক জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত লুইস ইজারাদার ওরফে নিশিকান্ত (৪৫) বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের প্রয়াত যতীশ ইজারাদারের ছেলে।
শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবন বিভাগের খুলনা রেঞ্জের ভদ্রা নদীসংলগ্ন চালবগি খালের মুখ থেকে জেলেরা তার লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
মংলা থানার এসআই মানজুর এলাহী শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ এপ্রিল লুইস ইজারাদারসহ দুই জেলে বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে বর্শি দিয়ে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“শুক্রবার সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে নৌকাযোগে মংলায় নিয়ে এলে লুইসের পরিবারের সদস্যরা তা সনাক্ত করেছে। লুইস ইজারাদারের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।”
তিনি জানান, গত ২৯ এপ্রিল বিকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু হামিদ মোল্লা ওরফে ধলু মোল্লার বাহিনীর ধলুসহ দুজন নিহত হন। ওই সময় ক্রসফায়ারে পড়ে লুইসের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
মংলার মাছ ব্যবসায়ী বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ এপ্রিল র্যাবের সঙ্গে বনদস্যু ধলু বাহিনীর গোলাগুলির সময় লুইস ইজারাদার ওই এলাকায় মাছ ধরছিলেন।
