২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারো আয়েশ, অন্যদের অনাহার-চলবে না’

শ্রমিক সংহতি দিবসে গাজীপুরে শ্রমিক লীগের সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:08 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

‘কেউ খাবে, কেউ খাবে না- তা হবে না’ বলে শ্রমিকদের আশ্বস্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “কিছু জনগোষ্ঠী আরাম-আয়েশে গা ভাসিয়ে চলবে। আর বৃহৎ জনগোষ্ঠী না খেয়ে থাকবে। বাংলাদেশে এই বৈষম্য চলবে না।”

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এই জনসভায় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নেয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা উল্লেখ করে তিনি বলেন, “গরীব বাবা-মায়ের সন্তানদের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি। আওয়ামী লীগ সরকার নিয়েছে।”

সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান শ্রমিকদের বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুরের জেলা প্রশাসক আখতারুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান বক্তব্য দেন।

জনসভায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে অসীম কুমার উকিল, ভুইয়া মোহাম্মদ মোজাম্মেল হক, এ এইচ খায়রুজ্জামান, আবু সাইদ আল মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুপুর ১টা থেকেই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায় শ্রমিকদেরও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগমও বাড়তে থাকে। বাদ্য বাজিয়ে নেচে গেয়ে ব্যানার-ফেস্টুন, পোস্টারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন হাজারো মানুষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ও চান্দনা-চৌরাস্তা থেকে পায়ে হেঁটে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে বিকাল ৩টা নাগাদ জনসভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেয়ায় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।