সাবেক পুলিশ কর্মকর্তা হত্যায় ছাত্রলীগ নেতা ‘জড়িত’
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফজলুল করিম হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকার রামপুরা থানা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওয়াসিম আহমেদ রতন (২৮) রতন রামপুরা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। এই থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকেও সম্প্রতি মগবাজারে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার রাতে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এই নেতা মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত বছরের ২৯ অগাস্ট রামপুরায় নিজের বাসায় খুন হন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম। হত্যাকারীদের সঙ্গে রতন ছিল বলে পুলিশ নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
ফজলুল করিমের বাসার কাছে স্থানীয় কিছু যুবক মাদক সেবন শুরু করলে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। কয়েকজনকে চড়-থাপ্পড়ও দিয়েছিলেন তিনি।
এতে ক্ষুব্ধ হয়ে রতনসহ ওই যুবকরা ফজলুলকে হত্যার পরিকল্পনা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে ৮ থেকে ১০জন জড়িত ছিল বলে রতন জানিয়েছে।
উপকমিশনার জাহাঙ্গীর বলেন, ২৯ অগাস্ট সকালে হত্যাকাণ্ড ঘটনার আগের দিন তারা পরিকল্পনা করেছিল। ওই বৈঠকে ছিল ১০ থেকে ১২ জন।
“তবে হত্যাকাণ্ডে অংশ নেয়া ৮ থেকে ১০ জন তিনভাগে ভাগ হয়ে ওই বাসায় যায়। এক অংশ বাসার গেইটে এবং অপর অংশ রাস্তায় পাহারা দেয়। আরেকটি অংশ সরাসরি বাসায় ঢুকে হত্যাকাণ্ড ঘটায়।”
এই হত্যাকাণ্ডে জড়িত অধিকাংশই স্থানীয় ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে আলোচিত এই মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রতনের জন্য বিভিন্ন মহল থেকে তদবির শুরু হয়েছিল।”
হত্যাকাণ্ডে জড়িত সবার নামলের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাতুব্বর।
জাহাঙ্গীর মাতুব্বর জানান, সোমবার রাতে রতনকে রামপুরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। দোষ স্বীকার করার পরেই তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। বর্তমানে রতন কারাগারে রয়েছেন।
ওয়াপদা রোড পশ্চিম রামপুরা নিজ বাসার সকাল সাড়ে ৯টার দিকে বসার ঘরে খবরের কাগজ পড়ারত অবস্থায় খুন হন ফজলুল করিম।
ফজলুল করিমের জামাতা চৌধুরী মকিম উদ্দিন মামলায় বলেছেন, তিন সন্ত্রাসী ঢুকে ফজলুল করিমের স্ত্রীসহ অন্যদের জিম্মি করে এবং মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যা করে চলে যায়।
