২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের জন্য ৫ হাজার ফ্ল্যাট

পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তাদের জন্য ৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পিডব্লিওডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন এবং ৩৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল ভবন নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

মোশাররফ হোসেন বলেন, সরকারি ভবন ও স্থাপনা নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালন করেন। ফলে কাজের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে।

পিডব্লিওডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ, পিডব্লিওডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।