২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে রংপুরে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার বেলা ৩টায় রংপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস ফারুক শিরিন (৩৫)।

তিনি স্থানীয় দৈনিক পরিবেশ পত্রিকার নগর প্রতিনিধি ও রেলস্টেশন এলাকার প্রয়াত আশরাফ আলীর ছেলে।

র‌্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার মোতাহের হোসেন জানান, সাংবাদিক শিরিন র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি, আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের টিকিট কালোবাজারী এবং ট্রেন যাত্রীদের হয়রানি করতেন।

এছাড়াও স্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রেরও নেতৃত্ব দিতেন।

এসব অভিযোগ গোপনে তদন্ত করে প্রমাণ পাবার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

দৈনিক পরিবেশ সম্পাদক ফজলুল হক সাংবাদিক শিরিন তার পত্রিকার প্রতিনিধি নয় দাবি করে বলেন, অন্যায় করলে সে যেই হোক, তার শাস্তি হওয়া দরকার।

কিন্তু, শিরিন ‘দৈনিক পরিবেশ’র নগর প্রতিনিধি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন স্থানীয় ‘দৈনিক যুগের আলো’ প্রতিবেদক মতিউর রহমান উৎস।

তিনি বলেন, পত্রিকাটি শিরিনকে নগর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে পহেলা বৈশাখেও তার প্রতিবেদন ছেপেছে।