২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট করতে এসে আটক ৫ রোহিঙ্গা

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা শিশু ও মহিলাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 05:55 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বুধবার পাসপোর্টের আবেদন জমা দিতে এসে ধরা পড়েন তারা।

আটকরা হলেন নূর বাহার, তার ছেলে মোহাম্মদ গনি, শিশু কন্যা মিনারা আক্তার, তাদের প্রতিবেশী সামিন আরা ও রাশিদা বেগম।

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম বলেন, এ পাঁচ রোহিঙ্গা নিজেদের নাম পরিচয় গোপন করে মাদারীপুর জেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা পরিচয়ে পাসপোর্ট করতে আসেন।

আবেদনপত্রে শিবচর ইউনিয়নের চেয়ারম্যান রাজন মদবরের স্বাক্ষর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। পাসপোর্টের আবেদনে তারা হাতে লেখা জম্ম নিবন্ধন সনদ জমা দেয়।

নাম ঠিকানা জিজ্ঞেস করা হলে তারা বাংলা বলতে না পারায় সন্দেহ হলে তাদের পাসপোর্টর আবেদন বাতিল করা হয় বলে জানান পাসপোর্ট অফিসের এ সহকারী পরিচালক।

রাশেদুল ইসলাম বলেন, এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের আটক করে। এরা আটক হওয়ার পর দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আটক রোহিঙ্গা মোহাম্মদ গনি তাদের বাড়ি মিয়ানমারে বলে স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর্ ডটকমকে বলেন, সেখান থেকে বিতারিত হয়ে তারা এক বছর আগে বাংলাদেশে এসে চট্রগ্রামের হাটহাজারীতে বসবাস করছিলেন।

মিয়ানমারে ফিরে গেলে হত্যা করা হতে পারে আশঙ্কা করে তিনি বলেন, বাড়ি ও জমি বিক্রি করে দিয়ে তারা বাংলাদেশে এসেছেন। এ কারণে বাংলাদেশের বৈধ নাগরিক হতেই মাদারীপুরের দালালের মাধ্যমে এখানে পাসপোর্টের আবেদন করেন।