মন্ত্রীকে দেখে পালিয়েছে দালালরা
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিআরটিএ কার্যালয়ে ঢুকতে দেখে দৌড়ে পালিয়েছে দালালরা। এ সময় পলায়নরত এক জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় যোগাযোগ মন্ত্রী হঠাৎ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেলের সাভার অফিসে গিয়ে হাজির হলে এ ঘটনা ঘটে।
দালাল সন্দেহে আটক মো. নাসিরুদ্দিনের কাছে অন্যের ড্রাইভিং লাইসেন্সের বেশকিছু আবেদনপত্র পাওয়া যায়। মন্ত্রীর নির্দেশে ও উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে নাসিরুদ্দিনের বিচার করা হয়।
এছাড়া অফিসে উপস্থিত না থাকায় কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোরও আদেশ দেন মন্ত্রী।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীর সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ প্রমাণিত হওয়ায় নাসিরুদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেন।
যোগাযোগ মন্ত্রী এ সময় সাভার বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এএসপি শফিকুল আরো জানান, সাভার কার্যালয়ে কোন কর্মকর্তাকে অফিসে না দেখে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়ার জন্য বিআরটিএ এর দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শওকত হোসেনকে নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ এনামুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সাভার বাজার বাসস্ট্যান্ড পরিদর্শনে মন্ত্রী আসার খবর শুনে পুলিশ সড়কের দুই পাশের ফুটপাতের কাঁচা বাজার ও ফুট ওভারব্রিজ থেকে হকারদের সরিয়ে দেয়।
তবে, মন্ত্রী চলে যাওয়ার পরপরই আবার বসে হকাররা।
