ব্যাংকিং খাতে দুর্নীতি সবচেয়ে বেশি: দুদক চেয়ারম্যান
গত কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বদিউজ্জামান।
মঙ্গলবার চট্টগ্রামে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, “গত কয়েক বছরে দেশের ব্যাংকিং সেক্টরে বেশি দুর্নীতি হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এসব দুর্নীতি হতে পারে না। দুর্নীতি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।”
হলমার্কের ঋণ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ব্যাংক ঋণের জন্য কিছু কাগজপত্রের দরকার হয়। হলমার্কের তাও ছিল না।
“এটাকে আমি দুর্নীতি বলব না এটা বড় ধরনের ডাকাতি।”
এমএলএম কোম্পানি ডেসটিনির বিষয়ে তিনি বলেন, “গাছ বিক্রির কথা বলে ডেসটিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাছের কোনো চিহ্ন নাই তারপরও তারা নাকি গাছ বিক্রি করছে।”
ডেসটিনির মামলাটি শিগগিরই বিচারের পর্যায়ে চলে যাবে বলে জানান দুদক প্রধান।
তিনি বলেন, “কিছু রাজনৈতিক নেতার নির্বাচনী হলফনামায় গড়মিল পাওয়া গেছে। তাদের বিষয়ে তদন্ত চলছে।”
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক’ এই সভা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী রবীন্দ্রশ্রী বড়ুয়া, অতিরিক্ত কর কমিশনার আবু দাওদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।
