২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নিখোঁজ চালকের লাশ উদ্ধার, আটক ৩

নাটোর থেকে নিখোঁজের একদিন পর রাজশাহীর পুঠিয়া উপজেলার ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 02:57 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে সন্দেহভাজন একজনকে আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে কামাল হোসেনের (৩২) লাশটি পাওয়া যায়।

পরে এ ঘটনায় জড়িত আরো দুজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘরিয়া গ্রামের সাইফুল ইসলাম এবং তার দুই সহযোগী চারঘাট উপজেলার বালুদিয়াড় গ্রামের তাছের আলী (৩৫) ও আলাউদ্দিন হোসেন (৩২)।  

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন কামালের অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত কামাল বৈদ্যবেলঘরিয়া গ্রামের গ্রামের হযরত আলীর ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে কামাল তার অটোরিকশা (ভটভটি) নিয়ে কাজে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতের বেলা পরিবারের লোকজন নলডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের সাইফুলের নাম উল্লেখ করা হয়।

এর ভিত্তিতে পুলিশ সাইফুলকে স্থানীয় একটি বাজার থেকে সোমবার গ্রেপ্তার করে। পরে সাইফুলকে নিয়ে রাতেই অভিযান চালিয়ে পুঠিয়ার শিলমারি মাঠের ভুট্টাক্ষেত থেকে কামালের লাশ এবং চারঘাট উপজেলার বালুদিয়াড় গ্রামের তাছের আলীর বাড়ি থেকে তার অটোরিকশাটি উদ্ধার করে। ওই বাড়ি থেকেই পুলিশ তাছের ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসে।

ওসি মনিরুল বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামালকে গলা টিপে হত্যা করে ওই ক্ষেতের ভেতর মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ চলছে।”

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।