মোশাররফের স্বাস্থ্য পরীক্ষায় বোর্ড গঠনের নির্দেশ
অর্থপাচারের মামলায় কারাবন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিনের আবেদন করলে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এই আদেশ দেয়।
দুইজন অধ্যাপকের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বোর্ড গঠন করে দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম মাসুদ আলম চৌধুরী।
শুনানিতে মওদুদ আহমদ বলেন, “বিভিন্ন জটিল রোগে আক্রান্ত খন্দকার মোশাররফ পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তাকে জামিন দেয়া প্রয়োজন।”
ফাইল ছবি
এর আগে এ মাসেই দুইবার মোশাররফের জামিন আবেদন ফেরত দেয় হাই কোর্টের দুটি বেঞ্চ।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি রমনা থানায় ‘মুদ্রা পাচার’ আইনে এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নাসিম আনোয়ার।
গত ১০ ফেব্রুয়ারি হাই কোর্টের একই বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়। ২৪ ফেব্রুয়ারি ওই আগাম জামিন বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর মধ্যেই গত ১২ মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তিন দিনের জন্য দুদকের হেফাজতে দেয় আদালত।
হেফাজত শেষে আদালতে হাজির করার পর জামিন না দিয়ে ১৬ মার্চ তাকে কারাগারে পাঠায় ঢাকার মুখ্য মহানগর হাকিম। পরে ২৩ মার্চ মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন খারিজ হয়।
এরপর থেকেই হাই কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চাচ্ছেন তিনি।
