যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ শিবির নেতা গুলিবিদ্ধ
যশোরের শার্শা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, আটক দুই শিবির নেতাকে নিয়ে সোমবার গভীর রাতে শার্শা উপজেলার শিকড়ি বটতলায় জাহাঙ্গীর মেম্বারের ইটভাটার কাছে অস্ত্র উদ্ধারে গেলে এ গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিবির নেতারা হলেন, যশোর এমএম কলেজে ইসলামের ইতিহাস প্রথম বর্ষের ছাত্র ও শার্শা উপজেলা শিবিরের সভাপতি আবুল কাশেম এবং যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষের ছাত্র ও যশোর জেলা পশ্চিম শাখার সেক্রেটারি রুহুল আমিন।
ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শিবিরের ওই দুই নেতা আহত হন।
তবে আহতদের দাবি, পুলিশ মধ্যরাতে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে তাদের গুলি করা হয়েছে।
সোমবার দুপুরে শার্শার বারপোতা গ্রাম থেকে রুহুল আমিন, আবুল কাশেমসহ সাতজনকে আটক করে পুলিশ।
ওসি অপূর্ব হাসান আরো বলেন, স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য রাত ১টার দিকে শার্শা উপজেলার শিকড়ি বটতলায় জাহাঙ্গীর মেম্বারের ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলিতে শিবির নেতা রুহুল আমিন ও আবুল কাশেম পায়ে গুলিবিদ্ধ হন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি হাতবোমা এবং ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
