লালখানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্য নেয়া শুরু
চট্টগ্রামের লালখান বাজারে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারসহ নয় জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য নেয়া শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে সাক্ষ্য দেন মামলাটির বাদী নগরীর খুলশী থানার এসআই মো. নেওয়াজ।
আদালতে সাক্ষ্য দেয়ার পর আসামি পক্ষের আইনজীবী তাকে আংশিক জেরা করেন।
জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষে আদালত আগামী ১৪ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আসামী পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদির কাছে জানতে চাই তিনি ঘটনাস্থলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গিয়েছিলেন কি না, তিনি এর জবাবে ‘হ্যা সূচক জবাব দেন।
“আসামিদের বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ আনা হলেও জেরার জবাবে বাদি আদালতে জানান, তিনি নিজে আসামিদের বোমা তৈরি করতে বা বোমা তৈরির সরঞ্জাম জড়ো করতে দেখেননি।”
আইনজীবী আবদুস সাত্তার বলেন, ঘটনায় আহতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাদী ওই ঘটনায় নয়জনকে আসামি করেন বলে জানান।
এরপর আসামির আইনজীবী আদালতে বাদিকে প্রশ্ন করেন, আহতদের জিজ্ঞাসাবাদের সময় কোনো চিকিৎসক বা হাকিম উপস্থিত ছিলেন কি না।
“বাদি জানান, জিজ্ঞাসাবাদের সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না,” বলেন আইনজীবী সাত্তার।
এই মামলায় গত ৬ এপ্রিল মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩, ৪ এবং ৬ ধারায় মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
শুরুতে এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মুফতি ইজাহার। উচ্চ আদালতের জামিন বাতিলের পর গত ২৭ মার্চ এই মামলায় আদালত মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহার ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। তার ছেলে হারুন বিন ইজাহার ছিলেন ছাত্রাবাসের দায়িত্বে।
মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এরপর পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুন ইজাহারসহ নয়জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনের মামলাটির অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতেই মাদ্রাসায় ‘গ্রেনেড’ বানানো হচ্ছিল।
এই মামলার গ্রেপ্তার আসামিরা হলেন- মুফতি হারুন বিন ইজাহার, মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান, মো. জুনায়েদ, মো. ইছহাক ও আব্দুল হাই ওরফে সালমান।
