লিমনের মায়ের মামলার শুনানি আবার পেছাল
গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে র্যাবের বিরুদ্ধে ঝালকাঠীর লিমন হোসেনের মায়ের করা মামলার রিভিশন আবেদনের শুনানি আবার পিছিয়েছে।
সোমবার ওই মামলায় ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতে নথিপত্র পর্যালোচনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক কিরণ শংকর হালদার আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুন শুনানির তারিখ রেখেছেন।
আর এ নিয়ে হেনোয়ারা বেগমের করা রিভিশন আবেদনটির শুনানি নবমবারের মত পেছাল বলে জানান তার আইনজীবী মানিক আচার্য্য।
মামলা দায়েরের প্রায় ষোল মাস পর ২০১২ সালের ১৪ অগাস্ট রাজাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুল হালিম তালুকদার র্যাব সদস্যদের নির্দোষ এবং হত্যা প্রচেষ্টার দায় থেকে তাদের অব্যহতি দেয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
লিমনের মা হেনোয়ারা বেগম পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে ২০১২ সালের ৩০ অগাস্ট নারাজি দাখিল করেন।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি নারাজির শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম তা খারিজ করে দেন। আদালতের ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন হেনোয়ারা।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়ার গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন হোসেন মাঠে গরু আনতে গিয়ে কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে পা হারায়। র্যাব লিমনকে এ ঘটনায় সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার দেখিয়ে রাজাপুর থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।
অপর দিকে লিমনের মা হেনোয়ারা বেগম তার ছেলে লিমনকে গুলি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে সারা দেশে সমালোচনার মধ্যে গত বছরের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের করা মামলা দুটি থেকে লিমনকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়।
