২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিবাসীদের মানুষ হিসেবে দেখতে হবে’

অভিবাসীদের শুধু উৎপাদনের উপাদান হিসাবে নয়, তাদের মানুষ হিসেবে বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 01:48 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সোমবার রাজধানীতে অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “অভিবাসীকে শুধু অর্থনৈতিক কার্যক্রম বা উৎপাদনের উপাদান হিসাবে দেখলে চলবে না। তাদের মানুষ হিসেবে গণ্য করতে হবে। অন্যান্য নাগরিকের মত তাদের জন্যও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

২০১৫ সাল পরবর্তী উন্নয়ন পরিকল্পনায় যাতে অভিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত হয় সে লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে দুই দিনব্যাপী এই সভার আয়োজন করেছে।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজ ও অর্থনীতি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রযুক্তির অগ্রগতি এবং উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়নের সঙ্গে সঙ্গে মৌলিক সেবার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “এটা বৈশ্বিক মানব স্থানান্তরের গতিধারাকে নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা প্রদানের মত বিষয়গুলো জোরালো হচ্ছে।”

এসব চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার জন্য সব উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই জনগণকে রাখতে তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “জনগণের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে। যেসব মানুষ একস্থান থেকে অন্যস্থানে গমন করছেন, তাদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য।”

২০১২ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত জনমিতি সংক্রান্ত ‘বৈশ্বিক নেতৃত্ব’ বৈঠকে উন্নয়নের ওপর অভিবাসনের প্রভাব বিষয়ে নিজের মতামত তুলে ধরেছিলেন শেখ হাসিনা।

উন্নত ও উন্নয়নশীল দেশগুলো কিভাবে বৈশ্বিক জনসংখ্যার পরিবর্তন এবং এর প্রভাবজনিত চ্যালেঞ্জ কল্যাণকরভাবে মোকাবিলা করতে পারে সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা করেন শেখ হাসিনা। পাশাপাশি অভিবাসন ও স্থানান্তরের সুফল কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি।

বাংলাদেশের মত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলো এসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অভিবাসীদের কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অভিবাসন প্রক্রিয়াকে আরো নিরাপদ, নিয়মতান্ত্রিক ও কল্যাণমূলক করা প্রয়োজন।”

অভিবাসীদের অধিকারের বিষয়টি বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে থাকা উচিত বলে মনে করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “উৎস ও গন্তব্য উভয় দেশে অভিবাসন এবং অভিবাসী কর্মীদের ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। আমাদের জনগণকে বলতে হবে- অভিবাসন সব সমাজের জন্যই একটি প্রয়োজনীয় উপাদান।”

২০১২ সালে রিও ডি জেনেরিও-তে অভিবাসীদের সব ধরনের অধিকার প্রদানের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের মতৈক্যে পৌঁছানোর বিষয়টি মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি অভিবাসী পুরুষ ও নারীর অধিকারকে সমর্থন দিতে হবে।”

বৈঠকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এমন উপায় চিহ্নিত করুন যাতে অভিবাসন দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে, প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হয়, অসমতা হ্রাস করে এবং বিশেষ করে নারীর ক্ষমতায়নে সহায়ক হয়।

“অভিবাসন প্রক্রিয়ায়, অভিবাসীদের বিশেষ করে নারী ও বালিকাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য গুণগত মৌলিক শিক্ষা, ভকেশনাল ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে।”

অভিবাসীরা যাতে নিজের দেশ এবং যে দেশে যান সেদেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেজন্য প্রস্তুত হতে তাদের সব ধরনের সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা।

“অর্থ প্রেরণসহ অভিবাসীদের সব ধরনের খরচ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে,” বলেন তিনি।

শেখ হাসিনা তার বক্তব্যে পাঁচটি বিষয় উল্লেখ করেন, যেগুলো দুই দিনের এই বৈঠকে বিশেষজ্ঞরা সম্ভাব্য লক্ষ্য ও সূচক হিসেবে বিবেচনা করতে পারেন।

তিনি বলেন, ২৫ কোটির কাছাকাছি অভিবাসী বর্তমানে বিশ্বব্যাপী কাজ, বসবাস  বা ভ্রমণ করে নিজ দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে তাদের অবদান রাখছেন।

এছাড়া বিদেশে অবস্থানকালে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা এবং ধ্যান-ধারণার মাধ্যমেও নিজ দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

মানুষের এক স্থান থেকে অন্যস্থানে যাওয়া অবশ্যম্ভাবী- মন্তব্য করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য মানুষের অধিক হারে স্থানান্তরের প্রয়োজনীয়তা ক্রমাগতভাবেই গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে উন্নত দেশসমূহের জনসংখ্যার দৃশ্যপট পরিবর্তন এর অন্যতম কারণ।

“একজন অভিবাসী কর্মীকে উন্নয়নের অনুঘটক হিসেবে দেখতে হবে এবং প্রক্রিয়াটিতে প্রতিটি ব্যক্তির মর্যাদা সমুন্নত রাখতে হবে।”

শেখ হাসিনা বলেন, অভিবাসী কর্মী যখন বিদেশে যান, তখন তাকে সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে এক ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। দেশে ফেরার পর নিজ সমাজেও তাদের বিভিন্ন ধরনের ভুল ধারণার মুখোমুখি হতে হয়। তাদের জন্য আরও সুন্দর এবং সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বাংলাদেশের মত দেশে ক্রমশ বাড়তে থাকা যুব জনসংখ্যার কর্মসংস্থান সৃষ্টি একটি বড় ধরনের চ্যালেঞ্জ-মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বিশ্বকে এই প্রশিক্ষণযোগ্য যুব জনশক্তিকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।”

এক্ষত্রে এশিয়া ও আফ্রিকার যুব জনসংখ্যাকে দক্ষ হিসেবে প্রস্তুত করতে এগিয়ে আসার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মপরিকল্পনায় অংশীদারিত্ব ও সহযোগিতা দুটি গুরুত্বপূর্ণ উপাদান। স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা প্রদানের জন্য উন্নত দেশগুলোকে আর বেশি করে তাদের অর্থ-জ্ঞান-প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং পরিবল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

এছাড়া নিউ ইয়র্ক থেকে ভিডিও বার্তা পাঠান জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় দপ্তরের অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিশেষ প্রতিনিধি এডুয়ার্ড নেইজার একটি বিবৃতি পড়ে শোনান দেশটির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসি সুইংও বিবৃতি দিয়েছেন।