নামকরণে মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও খেতাবপ্রাপ্তদের অগ্রাধিকার
মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও জাতীয় খেতাবপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, ভবন ও সড়কের নামকরণে নতুন নীতিমালা জারি করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন বলেছেন, এখন থেকে এই নীতিমালার আওতায় বিভিন্ন স্থাপনার নামকরণ করতে হবে। এই নীতিমালা জারির পূর্বে বাস্তবায়িত নামকরণ যথাযথ বলে গণ্য হবে।
সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা-২০১৪ জারির পর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি।
কোনো নীতিমালা ছাড়াই বিভিন্ন স্থাপনার নামকরণ হয়ে আসছিল। এতে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেত বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি স্থাপনার নামকরণ নিয়ে বিতর্কও রয়েছে।
এই নীতিমালা জারির ফলে কারো একক সিদ্ধান্তে তড়িঘড়ি করে কোনো স্থাপনার নাম পরিবর্তন বা নতুন নাম দেয়া যাবে না।
নীতিমালায় বলা হয়েছে, যে কোনো মৃত বা জীবিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণে এ সংক্রান্ত উপ-কমিটি অথবা অন্য যে কেউ প্রস্তাব করতে পারবেন।
সিটি করপোরেশনের মেয়র, প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এই প্রস্তাব করতে হবে।
নীতিমালায় বলা হয়, “নামকরণের ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী ব্যক্তি, ভাষাসৈনিক এবং জাতীয় খেতাবপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।”
এছাড়া মানবকল্যাণে বিশেষ অবদান রয়েছে এমন ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান এবং জীবিত ও প্রথিতযশা বিজ্ঞানী, শিক্ষাবিদ, কবি, শিল্পী, লেখক, সাংবাদিক এবং সমাজসেবকদের নামকরণের ক্ষেত্রে প্রাধান্য দেয়ার কথা নীতিমালায় বলা হয়েছে।
জীবিত বা মৃত মেয়র, প্রশাসক, কাউন্সিলর, দাতা, শিক্ষানুরাগী যাদের নামে আগে কোনো সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়নি এমন ব্যক্তিদের নামেও বিভিন্ন স্থাপনার নামকরণ করা যাবে।
আর প্রস্তাবিত সড়ক, ভবন ও স্থাপনা তৈরি/নির্মাণের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রয়েছে এরূপ ব্যক্তিকেও নামকরণে অগ্রাধিকার দিতে হবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।
নীতিমালা অনুযায়ী, নতুন সড়ক, ভবন ও স্থাপনা নামফলকের পরিচিতি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নগরবাসীকে জানাতে হবে।
এছাড়া নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানাতে হবে।
কোনো সড়কের এক অংশ সিটি করপোরেশনের মধ্যে এবং আরেক অংশ সিটি করপোরেশনের বাইরে হলে, সেক্ষেত্রে সিটি করপোরেশন সংশ্লিষ্ট করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সম্মতি নিয়ে নামকরণ করতে হবে।
প্রতিটি নতুন নামকরণের ক্ষেত্রে আগের নাম, নতুন নামকরণের তারিখ ও অফিস আদেশগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে।
এই নীতিমালার আওতায় অবৈধ নামফলক অপসারণ করা হবে। এজন্য তিন সদস্যের একটি মনিটরিং সাব-কমিটি অবৈধ নামফলক সরাতে সংশ্লিষ্টদের সময় বেঁধে দিবে। ওই সময়ের মধ্যে তা অপসারণ না করা হলে কমিটি ব্যবস্থা নেবে।
সরকারের অনুমোদন নিয়ে নামকরণ উপ-কমিটি আগের নামকরণ সংশোধন ও পরিবর্তন করতে পারবে। তবে এক্ষেত্রে আগের নামের ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষার বিষয়টি বিবেচনা করতে হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে নয় সদস্যের নামকরণ উপ-কমিটি থাকবে। এই কমিটি প্রয়োজনে স্থানীয় প্রথিতযশা ব্যক্তি, ইতিহাসবিদ, গবেষককে এতে অন্তর্ভূক্ত করতে পারবে।
এই নীতিমালা জারির আগে যেসব স্থাপনার নামকরণ করা হয়েছে তা ‘যথাযথ’ বলে গণ্য হবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।
