২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি সহায়তা দিয়ে ৫ বছরে ২৩ হাজার মামলা নিষ্পত্তি

গরিবদের আইন সহায়তা দিয়ে সরকার গত ৫ বছরে ২৩ হাজার মামলার নিষ্পত্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরার পর আইনমন্ত্রী আনিসুল হক আদালতে মামলা জট এড়াতে এই প্রক্রিয়া আরো ত্বরান্বিত করতে বলেছেন।

‘গরিবের মামলার ভার/বহন করে সরকার’ এই স্লোগানে ২৮ এপ্রিল সোমবার পালিত হতে যাচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

সংবাদ সম্মেলনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম জানান, ২০০৯ সালে এই সেবার চালুর পর ২০১৩ সাল পর্যন্ত জেলা কমিটি মাধ্যমে ৬৭ হাজার ৯৩৭ জনকে সহায়তা দেয়া হয়। এই সহায়তা পেয়ে ২৩ হাজার ৮৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এই সহায়তা নিয়ে সুপ্রিম কোর্টে ১০৪৭টি জেল আপিল নিষ্পত্তি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আমিনুল বলেন, এছাড়া হটলাইনে ফোন করে ৬ হাজার ৫৫২ জন আইনগত সহায়তা দেন। শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে ৮২৯ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, সর্বশেষ তথ্য অনুসারে সারা দেশের ম্যাজিস্ট্রেট ও জেলা আদালতে ২৪ লাখ মামলার জট আছে।

“আইনগত সহায়তার মাধ্যমে মামলা জট কমানোর চেষ্টা করব। আশা করি, জট কমাতে এই সহায়তা কাজে লাগবে।”

জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও ছিলেন।

এই দিবস উপলক্ষে প্রকাশিত একটি প্রচারপত্রে বলা হয়, সরকার গরিব ও অসহায় জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দিচ্ছে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় এই সহায়তা দেয়া হয়।

নারী পুরুষ-শিশু, যে কেউ অর্থাভাবে যদি মামলা করতে না পারেন বা বিনা বিচারে কারাগারে আটক থাকেন, তাহলে তিনি সরকারি খরচে আইনগত সহায়তা নিতে পারবেন।

এই বিষয়টি জনগণকে জানাতে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী।

দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা, সকাল সাড়ে ১০টা থেকে ওসমানী মিলনায়তনে মেলা।

এ ছাড়া জেলা পর্যায়ে সভা, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।