কুড়িগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর আড়াইটায় চায়না বাজারে রাস্তা পার হওয়ার সময় মারা যায় নাসিমা বানু (৭)।
নাসিমা লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের নুর মোহাম্মদের মেয়ে এবং ওই গ্রামের কাচারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
রাজারহাট থানার ওসি ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপের চালকের সহকারী শাহ আলমকে (৪৫) আটক করা হয়েছে।
রাজারহাট থানার এস আই কফিল উদ্দিন জানান, নাসিমা ফুফুর সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশায় করে চায়না বাজারে আসে। অটোরিকশা থেকে নেমে হোমিও ডাক্তারের চেম্বারে যাবার জন্য রাস্তা পারপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করলে ওই সড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং চালকের সহকারী শাহ আলমসহ পিকআপটিকে আটক করে থানায় নিয়ে আসে।
