২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমের প্রভাব ট্রাইব্যুনালেও

চলমান তাপদাহের কারণ দেখিয়ে সাক্ষী হাজির না করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি পেছাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 05:15 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে ট্রাইব্যুনাল-১ এ। ট্রাইব্যুনাল-২ এ জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

দুটি ক্ষেত্রেই প্রসিকিউশন সাক্ষী হাজির করতে না পেরে তাপদাহকে কারণ হিসেবে দেখায়। প্রসিকিউশনের আবেদনে আনাপত্তি আসে আসামি পক্ষ থেকেও।

প্রায় বৃষ্টিহীন এই বৈশাখে উচ্চ তাপমাত্রায় নগর জীবনে অস্বস্তি নেমে এসেছে। গত বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, যা গত পাঁচ দশকে সর্বোচ্চ।     

রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আজাহারের যুদ্ধাপরাধের মামলার কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে তা মুলতবি রাখার জন্য একটি আবেদন জানানো হয়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আজাহারের বিরুদ্ধে প্রসিকিউশনের একাদশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল এদিন।

বিচারক শুনানি মুলতবি চাওয়ার কারণ জানতে চাইলে প্রসিকিউটর তাপস কান্তি বল বলেন, সারাদেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মামলার কয়েকজন সাক্ষী অসুস্থ হয়ে পড়ছেন। এই গরমের মধ্যে সাক্ষীদের আনা সম্ভব হচ্ছে না।

তখন বিচারক বলেন, “আপনাদেরকে এত লম্বা সময় দেয়ার পরও সাক্ষী আনতে পারলেন না? যদি তাপমাত্রা কন্টিনিউ (ধারাবাহিকভাবে চলতে থাকে) করে তাহলে কী করবেন?

এর উত্তরে প্রসিকিউটর বলেন, “মনে হয় তাপমাত্রা কন্টিনিউ করবে না।”

তখন ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদারের কাছে প্রসিকিউশনের আবেদনের বিষয়ে মতামত জানতে চান।

আসামিপক্ষের এ আইনজীবী প্রসিকিউশনের করা আবেদনের বিষয়ে কোনো আপত্তি না করে বলেন, সাক্ষী অসুস্থ থাকলে তো আর কিছু করার নাই।

এসময় ট্রাইব্যুনাল চেয়ারম্যান ইনায়েতুর রহিম বলেন, ইতোপূর্বে দেখেছি এক পক্ষ আবেদন করলে অন্যপক্ষ তাতে জোর আপত্তি জানাতেন। আজকের আবেদনে কোনো আপত্তি নাই!

পরে ট্রাইব্যুনাল এ মামলায় পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ মে দিন ঠিক করে শুনানি মুলতবি করে।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আবদুস সুবহানের যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশনের তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

সেখানেও প্রসিকিউশন জানায়, সাক্ষী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাজির করা সম্ভব হয়নি।