সালিস চলাকালে ছুরিকাঘাত, দুই ভাইয়ের মৃত্যু
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সালিস চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মরজাল গ্রামের হালিম মিয়া (৪০) ও তার ছোট ভাই জজ মিয়া (৩৮)।
রায়পুরা থানার ওসি মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে ছুরিকাঘাতে আহত দুই ভাইকে ঢাকায় নেয়ার পর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মামলার বরাত দিয়ে ওসি মাহমুদুল বলেন, একই গ্রামের পল্লী চিকিৎসক সুরুজ মিয়ার সঙ্গে জমি নিয়ে রাজাবাড়ি এলাকার শহিদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার দুপুরে সালিস বৈঠক বসে।
“এক পর্যায়ে সুরুজ মিয়ার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়।এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শহিদ মিয়ার সমর্থক হালিম ও জজ মিয়া গুরুতর আহত হন।”
তাদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
