দিনে গরম রাতে শীত উত্তরাঞ্চলে
রংপুর অঞ্চলে দিনে প্রচণ্ড গরম আর রাতে বেশ শীত পড়ছে। সকালে শিশিরে ভেজা থাকছে মাঠ-ঘাট। দিন-রাতে তাপমাত্রার এই ব্যাপক ব্যবধানের কারণে মানুষ যেমন অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে, তেমনি ফসলের উপরও এর বিরূপ প্রভাব পড়ছে।
লালমনিরহাটের কৃষক জাফর মিয়া জানান, তার বাড়ির পাশেই তিস্তা নদী। নদীতে পানি না থাকায় দিনে ধু ধু বালুচর থেকে ওঠে অসহনীয় তাপ, অথচ রাতে বোরো ক্ষেতে সেচ দেয়ার সময় গলায় মাফলার ও গায়ে কাঁথা চড়াতে হয়।
তার ক্ষেতে ধানের শীষ পুষ্ট কিংবা বড় হচ্ছে না। এছাড়া পাট গাছ লম্বা তো হচ্ছেই না, উল্টো ফেটে যাচ্ছে ডগা।
ফসলের এমন হালে চিন্তিত জাফর বলেন, “এমন আবহাওয়া এর আগে কখনো দেখি নাই!”
রংপুরের বোতলা এলাকার বাসিন্দা অজয় চক্রবর্তী জানান, বেশ কদিন থেকেই সকালে তার বাসার সামনে ঘাসে শিশির জমে থাকতে দেখছেন। জমির আল দিয়ে হাঁটতে গেলে পা শিশিরে ভিজে যায়।
একই গ্রামের কৃষক ফজলার রহমান বলেন, “রাতে কাঁথা গায়ে না দিলে শীত যায় না।”
একই কথা বলেন নীলফামারীর ডোমার উপজেলা সদরের রায়হান সবুক্তগীন।
উত্তরাঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেড়েছে বলে জানালেন রংপুর আবহাওয়া অফিসের স্টেশনের আবহাওয়াবিদ আতিকুর রহমান।
তবে এর কারণ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানাতে পারেননি তিনি।
এই পরিস্থিতি নিয়ে কথা হয় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলমের সঙ্গেও।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় মধ্যরাতের পর উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। ভোরে তা আরো বেড়ে যাচ্ছে। এ কারণে শীত অনুভূত হচ্ছে বলে জানান তিনি।
এ পরিস্থিতি রংপুর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মন্তব্য করেন তিনি।
একই রকম কথা বলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. মাসুম এ পাটোয়ারী।
তিনি বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ধাক্কা লেগেছে উত্তরাঞ্চলে।”
কম বৃষ্টিপাতের জন্য দীর্ঘ খরা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, বড় বড় গাছপালা মরে যাওয়াকে মরুকরণ প্রক্রিয়া বলেও মনে করছেন তিনি।
কুড়িগ্রামের উলিপুরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা জানান, রাত সাড়ে ১১টা থেকে বাসায় ফ্যানের গতি কমাতে হয়।
রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ফ্যান বন্ধ করে কাঁথা মুড়ি দিতে বাধ্য হন তারা।
তিনি জানান, এমন গরম-ঠান্ডায় তার বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সর্দ্দি-জ্বরে ভুগতে শুরু করেছে।
তার তথ্যে সমর্থন মিলল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডা. বিকাশ মজুমদারের কাছে।
তিনি বলেন, “প্রকৃতির এই অদ্ভুত খেয়ালের শিকার হচ্ছে শিশুরা। ডায়রিয়া, সাইনাসের প্রদাহ, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।”
প্রতিদিনই এই আবহাওয়াজনিত রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন বলেও জানান তিনি।
মানুষের পাশাপাশি আবহাওয়ার প্রভাব পড়ছে কৃষিতেও।
তিনি বলেন, “পাটের বৃদ্ধি থেমে গেছে। ধানের শীষের বৃদ্ধি তুলনামূলক কমে গেছে।”
বোরো ক্ষেতে কৃষকদের সেচ বেশি দিতে হচ্ছে বলেও জানান তিনি।
পরিবেশ বিশেষজ্ঞ ও বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত বলেন, “বৈশ্বিক উষ্ণায়নে এখন এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে যার কারণে জলবায়ু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
বর্তমান অবস্থাকে তিনি ‘অনপ্রেডিকটেবল’ বলে আখ্যায়িত করেন।
