২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর হাতে অ্যাসিড, দগ্ধ আরেক শিশু

রাজধানীর কামরাঙ্গীরচরে অ্যাসিডদগ্ধ হয়েছে দুই বছরের একটি শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:45 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

অ্যাসিড ছোড়ার জন্য এক প্রতিবেশীর শিশুসন্তানকে দায়ী করেছেন শিশুটির বাবা ভ্যানচালক মুসা মিয়া।

তবে কিভাবে অ্যাসিড সেখানে গেল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

অ্যাসিডদগ্ধ শিশু মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচরের কুলামোড়া ঘাট এলাকার বেগমবাড়িতে পরিবার নিয়ে থাকেন মুসা মিয়া,  শনিবার দুপুরে সেখানে বাড়ির উঠোনে অ্যাসিড দগ্ধ হয় মরিয়ম।

মুসা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাইয়াটা বাড়ির উঠানে বইসা ছিল। পাশে কিছু পোলাপান খেলাধুলা করিছিল। হঠাৎ মাহবুবের পোলা ওর মাথায় এ্যাসিড ঢাইলা দিসে।”

মাহবুব নামে ওই ব্যক্তি ভ্যানচালক মুসার প্রতিবেশী।

কী কারণে অ্যাসিড ঢেলেছে- জানতে চাইলে তিনি মরিয়মের বাবা বলেন, “ও কিছু বুইঝা ঢালসে কি না, জানি না। কিন্তু আমার তো সর্বনাশ হইসে।”

ওই শিশুটি অ্যাসিড কিভাবে পেল, তা ও জানাতে পারেননি মুসা মিয়া।

এই বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুর ওপর শিশুর অ্যাসিড নিক্ষেপের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

ওই এলাকায় ডাইং কারখানা রয়েছে, অ্যাসিডের উৎস ওই কারখানা কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।