বেনাপোলে চোরাকারবারীদের সংঘর্ষে ২ যুবক নিহত
যশোরের বেনাপোলে চোরাচালানী চক্রের দুই পক্ষের বিরোধের জেরে পৃথক এলাকায় বোমা হামলা ও গুলিতে নিহত হয়েছেন দুই যুবক।
বেনাপোল বন্দর থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, শনিবার সকালের দিকে সীমান্ত এলাকাটির বারোপোতা বাজার ও উত্তর বারোপোতা গ্রামে হত্যাকাণ্ড দুটি ঘটে।
নিহতরা হলেন-ইমান আলি (২৫) ও লালন (৩২)।
এদের মধ্যে বোমা হামলায় নিহত ইমানের বাড়ি শার্শা উপজেলার শিবনাথপুর বারোপোতা গ্রামে। আর গুলিতে নিহত লালনের বাড়ি উত্তর বারোপোতা গ্রামে।
স্থানীয়রা জানিয়েছে, বেনাপোলের পল্লী এলাকায় চোরাচালানের পথ ‘ঘাট’ নামে পরিচিত এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে বদিয়ার রহমান গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বদিয়ার গ্রুপের ইমান ও আলাউদ্দিন সমর্থক লালন খুন হন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সকালের দিকে ইমান বারোপোতা বাজারে এলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ইমান আলির গ্রুপের লোকেরা উত্তর বারোপোতা গ্রামে যায় লালনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।”
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “যে কোন সময় আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। তাই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।”
ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
