২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি বাজারের এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।   

এরা হলেন- চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মতিন তোতা, তার তিন ছেলে মো ইব্রাহীম, ইকবাল, সবুজ এবং চেয়ারম্যানের বড় ভাই খন্দকার সিরাজুল হক।

আবদুল মতিন উপজেলা বিএনপির সদস্যসহ উপজেলা কৃষক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা কৃষক দলের সভাপতি সলিমুল্লা বাহার হিরন।   

চেয়ারম্যান আবদুল মতিন এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদুর রাজ্জাকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের ‘কর্মসৃজন প্রকল্প’ নিয়ে চেয়ারম্যান মতিন ও সদস্য রাজ্জাকের মধ্যে কটাকাটি হয়। তা মীমাংসার জন্য শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চর এলাহী বাজারে সালিশী বৈঠকে বসেন। সেখানেও কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আওয়ামী লীগ কর্মীরা তোতা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান ও মটরসাইকেলে ভাংচুর চালায়।   

আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইসমাইল (২৮) ও ইউছুফ আলী (২৫)।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে নুরুজ্জামান (২৫), আবদুল আজিজ (৪৫), সোহাগ (১৮), আবুল বাশার (৩৫), বেলায়েত হোসেন (২৫), আবুল কালাম (১৫), নিশাদ (১৬), জামাল উদ্দিন (২৫), আব্দুল জাব্বার (৪০) ও আব্দুর রাজ্জাককে (৩৮)।

এ ঘটনায় চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি বাদী হয়ে চেয়ারম্যান আবদুল মতিনসহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা সাজিদুর রহমান।