পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্বৃত্তদের দমনে পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ সদস্যদের প্রতি দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
শুক্রবার চট্টগ্রামে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানিয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইজিপি চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব সংলগ্ন মাঠে বাংলাদেশ পুলিশের চট্টগ্রামস্থ সকল ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিগত সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, গতবছর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য অকুতোভয় পুলিশ সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
“তাদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে দায়িত্ব পালনে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ও উজ্জীবিত করবে,” বলেন আইজিপি।
তিনি নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশের আবাসন সমস্যা, বিভাগীয় হাসপাতালে চিকিৎসকের সংকট, প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বদলি সংক্রান্ত সমস্যা, এসআইদের বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানের অনুরোধ করেন।
আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যর কথা ধৈর্য ও মনযোগ সহকারে শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সম্ভাব্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রামস্থ জেলা পুলিশ, সিআইডি, এপিবিএন, আরআরএফ, শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশ এবং র্যাব এর বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
