নোয়াখালীতে জামায়াত নেতাকর্মীসহ আটক ২৩
নোয়াখালীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকদের মধ্যে জামায়াতে ইসলামীর চার জন, ইসলামী ছাত্র শিবিরের ১৬ জন, বিএনপির একজন এবং দুইজন শিক্ষক রয়েছেন।
আটকদের মধ্যে পৌর জামায়াতের আমির রুহুল আমিনও রয়েছেন।
পুলিশ সুপার আরো জানান, আটকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাছে বাধা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়া এদের কারো কারো বিরুদ্ধে এসব অপরাধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, আটক শিক্ষক দুজন হলেন বসুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসহাস খোন্দাকার ও জেলা শহরের মাদ্ররাসা তুদ দিনিয়ার শিক্ষক মোতাছিম বিল্লাহ।
তিনি জানান, জামায়াত নেতা রুহুল আমিনের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুণ দেয়া সহ অন্তত ৩০টি মামলা রয়েছে।
এছাড়া দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে বিশেষ অভিযানের নামে গভীর রাতে বাসাবাড়ি থেকে নেতাকর্মীদের ধরে পুরনো মামলায় আসামি করার অভিযোগ করেছে ১৯ দলীয় জোট।
শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
