স্বস্তির বৃষ্টি
টানা কয়েক দিনের তীব্র গরমের পর দেশের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজধানীতে ঠাণ্ডা বাতাস বইলেও বৃষ্টির অপেক্ষায় এখনো নগরবাসী।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় বৃষ্টি হয়েছে।
রাজধানীতে বৃষ্টি না হলেও বিকালে বয়ে যায় ঠাণ্ডা বাতাস, কমতে থাকে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সেইসঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
“আজ থেকে দেশের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বৃষ্টিও হবে, এসময় তাপমাত্রা আরো কমবে,” বলেছেন অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আবুল কালাম মল্লিক।
শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা ঝড়ো বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এসময় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল পাঁচ দশকের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা।
