ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জে বৃষ্টি
বেশ কয়েকদিনের তাপদাহের শুক্রবার বিকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জ প্রতিনিধি বৃষ্টি হওয়ার সংবাদ দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিকাল ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রথমে গুড়ি গুড়ি হলেও পরে প্রায় ১৫ মিনিট মুষলধারে বৃষ্টি হয়। এ সময় বেশ কয়েক মিনিট শিলাবৃষ্টিও হয়।
তবে জেলা সদরে আবহাওয়া অফিস না থাকায় বৃষ্টি পরিমাণ জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছির উদ্দিন শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
এদিকে বৃষ্টি হওয়ায় খুশি জেলার নিম্ন আয়ের মানুষেরা। তাপমাত্রা কমায় স্বস্তিতে এখন তারা কাজে বেরুতে পারছেন।
শহরের রিকশাচালক হায়দার আলী তীব্র গরমে সকাল থেকে রিকশা চালান নাই জানিয়ে বলেন, রিকশা না চালালে পেট চলে না, আবার এই প্রখর রোদে শরীরও চলে না।
“এখন বৃষ্টি হওয়ায় ঠাণ্ডা বাতাস বইছে, তাই আবার রিকশা নিয়ে বের হয়েছি।”
মুন্সীগঞ্জ মুষলধারে বৃষ্টি
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে এক ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে। এরপর মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে বৃষ্টি শুরু হয়ে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয়। সেই সঙ্গে থেমে থেমে চলে বজ্রপাত।
তবে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দীর্ঘ প্রতীক্ষার পর আসা এ বৃষ্টিতে অনেককেই রাস্তা এবং বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজে উল্লাস করতে দেখা যায়।
